শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ | ৭ আগস্ট ২০২৫
মাত্র ২০ বছর বয়সে জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন দেশের এক অসাধারণ মেধাবী শিক্ষার্থী রাফিয়া সুলতানা কুইন। তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) সদ্য ভর্তি হওয়া ৭২তম ব্যাচের ছাত্রী।
কুইন ছিলেন শিবগঞ্জ উপজেলার ফতেহপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল খালেক এর মেয়ে। দুই বোনের মধ্যে সে ছোট, শৈশব থেকেই মেধাবী ও স্বপ্নবাজ কুইন এবারের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নজরকাড়া সাফল্য অর্জন করেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ, বি, ও সি ইউনিট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, GST গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এই অসাধারণ ফলাফলের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ-তে ভর্তি হয়ে শিক্ষাজীবন শুরু করার চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি। আগামী ১৭ আগস্ট থেকে তার ক্লাস শুরু হওয়ার কথা ছিল।
কিন্তু হঠাৎ করে জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন কুইন। দ্রুত অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (৭ আগস্ট) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর খবরে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন ও শিক্ষকরা বলছেন— “দেশের ভবিষ্যৎ এক উজ্জ্বল নক্ষত্র অকালে হারিয়ে গেলো।”
পরিবারের সদস্য, সহপাঠী ও শিক্ষকগণ এই অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
তথ্যসূত্র: শিক্ষার্থীর চাচা জাহিদুল ইসলাম