অন্তর্বাস ও জিনসের প্যান্টে সেলাই করে লুকানো প্রায় ১২ কেজি স্বর্ণের পেস্টসহ ধরা পড়া দুই চীনা নাগরিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন। আসামিরা হলেন চেন লিইউন ও মো শিয়াওইউ।
গত ২৯ অক্টোবর তাঁদের সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মো. মাজেদুল ইসলাম তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ অক্টোবর সন্ধ্যা ছয়টার দিকে দুবাই থেকে এমিরেটসের ইকে–৫৮৬ ফ্লাইটে তাঁরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। কোনো ব্যাগেজ ঘোষণা না দিয়ে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় কাস্টমসের একটি দল তাঁদের জিজ্ঞাসাবাদ করে। তল্লাশিতে প্যান্ট ও অন্তর্বাসের ভেতরে কালো কাপড় দিয়ে সেলাই করে বিশেষ কায়দায় লুকানো নরম হলুদ রঙের পেস্টজাতীয় বস্তু পাওয়া যায়।
এজাহারে বলা হয়েছে, প্রত্যেকের কাছ থেকে আনুমানিক ৬ কেজি করে মোট ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। তবে রাসায়নিক পরীক্ষায় স্বর্ণের বিশুদ্ধতা এখনো নিশ্চিত করা হয়নি। আসামিদের কাছ থেকে দুটি মুঠোফোন, পরনের প্যান্ট, অন্তর্বাস ও স্কচটেপসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা (প্রিভেন্টিভ) জামিল সারোয়ার আহাদ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করেন।