সোমবার (২২ সেপ্টেম্বর) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভোটার তালিকা ডাটাবেইজে অন্তর্ভুক্তির জন্য ৩১ অক্টোবর ২০০৭ তারিখ বা তার পূর্বে জন্ম নেওয়া নাগরিকদের নিবন্ধন নিশ্চিত করতে খসড়া ভোটার তালিকা প্রকাশ, দাবি, আপত্তি ও সংশোধনের সুযোগ দেওয়া হবে।
ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও সিএমএস পোর্টালে লিংক প্রেরণের শেষ তারিখ ২৫ অক্টোবর। খসড়া ভোটার তালিকা মুদ্রণ করে প্রকাশ করা হবে ১ নভেম্বর। দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন গ্রহণের শেষ সময় ১৬ নভেম্বর এবং এসব আবেদন নিষ্পত্তির শেষ সময় ১৭ নভেম্বর। পরদিন ১৮ নভেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।
এর আগে গত ৩১ আগস্ট সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ইসি। ওই তালিকা অনুযায়ী, দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং হিজড়া ভোটার ১,২৩০ জন।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের অন্তর্ভুক্ত করে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হবে। পরবর্তীতে এই তালিকাই চূড়ান্ত ভোটার তালিকা হিসেবে গণ্য হবে।