বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

পতেঙ্গায় আট বছর বয়সী শিশুকে হত্যার ঘটনায় আট বছর পর আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ২০১৮ সালের হত্যা মামলায় ২৮ বছর বয়সী ইমাম হোসেন ওরফে ইমনকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

চট্টগ্রামের পতেঙ্গায় আট বছর বয়সী এক শিশুকে হত্যার মামলায় ইমাম হোসেন ওরফে ইমন (২৮) নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এ রায় দেন। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, শিশুর বাবার করা মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ৮ মার্চ বিকেল সাড়ে চারটার দিকে পতেঙ্গার খালপাড় এলাকায় খেলতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে পূর্ব হোসেন আহমদ পাড়ার চেয়ারম্যান গলির একটি পরিত্যক্ত ভাড়া ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, প্রলোভন দেখিয়ে শিশুটিকে ওই ঘরে নিয়ে গিয়ে নির্যাতনের চেষ্টা করা হয়। শিশুটি বাধা দিয়ে চিৎকার ও পালানোর চেষ্টা করলে ইট দিয়ে তার মাথায় আঘাত করা হয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশের পাশে একটি রক্তমাখা ইট পাওয়া যায়।

শিশুটির বাবা বাদী হয়ে পতেঙ্গা থানায় হত্যা মামলা করেন। পুলিশ পাঁচ বছর বয়সী এক শিশুর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করে। ঘটনার সময় অভিযুক্তের বয়স ছিল ২০ বছর।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আসামি ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ গ্রামের বাসিন্দা।