← Back

ফেব্রুয়ারিতেই ভোট চান ৮৬.৫% মানুষ, ভোট দেওয়ার আগ্রহ ৯৪%

ইনোভেশন কনসালটিংয়ের জরিপে উঠে এসেছে নির্বাচনকালীন পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও সংস্কার নিয়ে জনমত

নিজস্ব প্রতিবেদক
ইলাস্ট্রেশন বারিন্দ পোস্ট
ছবিঃ ইলাস্ট্রেশন বারিন্দ পোস্ট
২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হওয়া উচিত—এমন মত দিয়েছেন দেশের ৮৬ দশমিক ৫ শতাংশ ভোটার। একইসঙ্গে ৯৪ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন তারা ভোট দিতে আগ্রহী। তবে সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি সম্পর্কে জানেন না ৫৬ শতাংশ নাগরিক।

রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে রবিবার (২১ সেপ্টেম্বর) ইনোভেশন কনসালটিংয়ের ‘পিপলস ইলেকশন পালস সার্ভে, রাউন্ড–২’-এর ফলাফল প্রকাশ করা হয়। দেশের ১০ হাজার ৪১৩ জন প্রাপ্তবয়স্ক নাগরিকের অংশগ্রহণে এ জরিপ পরিচালিত হয়।

ইনোভেশন কনসালটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও জরিপের প্রধান সমন্বয়ক মো. রুবাইয়াত সরোয়ার প্রধান ফলাফল উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

জরিপে দেখা যায়—

অন্তর্বর্তী সরকারের কর্মদক্ষতা: ৭৮ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা সরকারের কার্যক্রমকে ‘ভালো’ বা ‘মধ্যম মানের’ হিসেবে মূল্যায়ন করেছেন। তবে তরুণ, শিক্ষিত ও নগরবাসীদের মধ্যে সন্তুষ্টির হার তুলনামূলকভাবে কম।

নির্বাচন ও ভোট নিরাপত্তা: ৬৯ দশমিক ৯ শতাংশ মানুষ মনে করেন অন্তর্বর্তী সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে সক্ষম। ৭৭ দশমিক ৫ শতাংশ বিশ্বাস করেন তারা নিরাপদে ভোট দিতে পারবেন। তবে তরুণ ও নগরবাসীর মধ্যে পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ রয়েছে।

আইনশৃঙ্খলা: ৫৬ দশমিক ৬ শতাংশ নাগরিক মনে করেন গত ছয় মাসে চাঁদাবাজি বেড়েছে। নগর এলাকায় বসবাসকারী তরুণ ও উচ্চশিক্ষিতদের মধ্যে এই ধারণা বেশি। সামাজিক যোগাযোগমাধ্যম তরুণ ও শিক্ষিত জনগোষ্ঠীর প্রধান তথ্যসূত্র হয়ে উঠেছে।

নির্বাচনের সময়সূচি ও অংশগ্রহণ: ৮৬ দশমিক ৫ শতাংশ ভোটার ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছেন এবং ৯৪ দশমিক ৩ শতাংশ জানিয়েছেন তারা ভোট দেবেন। তবে শিক্ষার্থী, উচ্চশিক্ষিত ও কিছু পেশাজীবীর মধ্যে সময়সূচি নিয়ে আপত্তি রয়েছে।

নির্বাচনী সংস্কার: সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি সম্পর্কে ৫৬ শতাংশ উত্তরদাতা অবগত নন। তবে যারা জানেন, তাদের বেশিরভাগই এ ব্যবস্থার পক্ষে। তরুণ ও উচ্চশিক্ষিতদের মধ্যে এ বিষয়ে সচেতনতা ও সমর্থন বেশি।

গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন রাজনৈতিক বিশ্লেষণ ও যোগাযোগ বিষয়ে শিক্ষক ড. সাইমুম পারভেজ, বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী এ কে এম ফাহিম মাশরুর, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রশনা ইমাম এবং ব্রেইনের নির্বাহী পরিচালক শফিকুর রহমান।

ইনোভেশন কনসালটিং জানায়, তাদের উদ্যোগে পরিচালিত এ গবেষণার বাস্তবায়নে সহযোগিতা করছে ভয়েস ফর রিফর্মবাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেইন)

নামাজের সময়

--:--:--
  • ফজর --:--
  • যোহর --:--
  • আসর --:--
  • মাগরিব --:--
  • এশা --:--
লোড হচ্ছে...

শহর নির্বাচন করুন