রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কলিপুর এলাকায় আজ শুক্রবার (১০ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে মর্মান্তিক গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গোদাগাড়ী থেকে আমনুরার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি অটোরিকশার পেছনে প্রায় ৪০টি গ্যাসের বেলুন বেঁধে নেওয়া হচ্ছিল।
কলিপুর এলাকায় পৌঁছালে অটোরিকশার পেছনে থাকা বেলুনগুলো আচমকা বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় অটোরিকশার ভেতরে থাকা যাত্রীরা আগুনে দগ্ধ হন। মোট ৭ জন এতে গুরুতর দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দুর্ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদ পাওয়া মাত্রই স্বজন ও স্থানীয় লোকজন দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ দুর্ঘটনায় গোদাগাড়ীর স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে।