গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে নতুন মাত্রা যোগ করেছে সদ্য উদ্বোধন হওয়া শিশু পার্ক। গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), জনাব ফয়সাল আহমেদের এর নিজস্ব পরিকল্পনা ও উদ্যোগে নির্মিত এই পার্কটি এখন শিশুদের প্রাণের কেন্দ্র হয়ে উঠেছে।
দীর্ঘদিন ধরে বিনোদনকেন্দ্রের অভাবে বঞ্চিত ছিল গোদাগাড়ীর শিশুরা। মানসিক বিকাশে খেলাধুলা ও নির্মল বিনোদনের প্রয়োজনীয়তা বিবেচনায় রেখে উপজেলা পরিষদ চত্বরে স্থাপন করা হয় এই শিশু পার্ক। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১ থেকে ১২ বছর বয়সী শিশুরা এখানে বিনামূল্যে প্রবেশ করে খেলাধুলা ও আনন্দ উপভোগ করছে। পার্কটিতে রয়েছে দোলনা, স্লিপার, স্লাইডার, দোলনা চেয়ার, নিরাপদ হাঁটার পথ এবং রঙিন বেঞ্চসহ শিশুদের জন্য নানা আকর্ষণীয় খেলার উপকরণ। চারপাশে সবুজে ঘেরা এই পরিবেশ শিশুরা উপভোগ করছে নিঃসংকোচে। শিশুবান্ধব এই পার্ক এখন অভিভাবকদের জন্যও একটি শান্তিপূর্ণ অবকাশ কেন্দ্র হয়ে উঠেছে।
ইউএনও ফয়সাল আহমেদ বলেন, “সীমান্ত এলাকার শিশুরা খেলাধুলার পর্যাপ্ত সুযোগ পায় না। তারা যেন প্রযুক্তির আসক্তি থেকে দূরে থেকে প্রকৃতির সঙ্গে মিশে আনন্দে খেলাধুলা করতে পারে, সেই ভাবনা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, অভিভাবকদের সঙ্গে সময় কাটানোর সুযোগ নিশ্চিত করতেই পার্কে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে।
অভিভাবকরাও এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন, এলাকায় এমন শিশু উপযোগী অবকাঠামোর অভাব দীর্ঘদিনের। ইউএনও’র এই ব্যতিক্রমধর্মী পদক্ষেপে তাদের সন্তানরা যেমন আনন্দ পাচ্ছে, তেমনি নিরাপদ পরিবেশে খেলাধুলার সুযোগও তৈরি হয়েছে। এলাকার সচেতন নাগরিকদের মতে “শিশুদের মানসিক বিকাশ ও সামাজিক দক্ষতা গঠনে এই পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি শুধু বিনোদনের জায়গা নয়, বরং একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রও।”
ইউএনও ফয়সাল আহমেদের এই সুন্দর উদ্যোগ গোদাগাড়ীতে ইতিবাচক সাড়া ফেলেছে এবং অন্য উপজেলাগুলোর জন্য এটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।